আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ করল মেটা

আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ করল মেটা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়া সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে পেজটি সরিয়ে নেওয়া হয়। অপসারণের সময় পেজটিতে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৯ হাজার।

বৃহস্পতিবার বিকেলে মুফতি আমির হামজার আইটি টিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে পেজটি একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল।

আইটি টিমের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক এসব ভুয়া রিপোর্ট ও মিথ্যা অভিযোগের ফলেই মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। তবে এটি কোনো ধরনের নীতিমালা লঙ্ঘনের কারণে হয়নি বলে দাবি করা হয়েছে। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের মাধ্যমেই এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত। তবে তারা স্পষ্ট করে জানান, ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে মুছে ফেলা যাবে না।

আইটি টিম জানায়, পেজটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সব তথ্য ও প্রমাণ জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলা হয়, ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য ও সচেতনতা বজায় রাখতে হবে। বিজ্ঞপ্তির শেষাংশে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, ইনশাআল্লাহ সত্যের বিজয় হবেই।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement