নির্বাচনে কারচুপির পরিকল্পনায় জামায়াত-শিবির: আবিদুল ইসলাম
Published : ১৯:০৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-শিবির ভোট চুরির পরিকল্পনায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগ এলাকার কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আবিদুল ইসলাম বলেন, অতীতে জামায়াত ও শিবির আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।
পলাতক সরকারের ঘনিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়েই তারা ভোট কারচুপির নানা কৌশল রপ্ত করেছে। তিনি দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে বড় ধরনের ভোট চুরির ছক কষছে জামায়াত-শিবির। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আবিদ আরও বলেন, ইতোমধ্যে এক জামায়াত নেতা ভোটের সিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, যা তাদের ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে যাতে কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জামায়াত-শিবিরের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কঠোর পাহারায় থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে আবিদুল ইসলাম বলেন, এবারের নির্বাচন কেবল একটি ভোটের লড়াই নয়— এটি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। এছাড়া তুরাগ ও উত্তরা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বিডি/এএন































