দু’দিনেও জ্ঞান ফেরেনি ছিনতাইয়ের শিকার অটোরিকশাচালক
Published : ১৮:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬
খুলনা নগরীতে যাত্রীবেশে অটোরিকশাচালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দু’দিন পেরিয়ে গেলেও আহত চালক রনির জ্ঞান ফেরেনি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনও রনি সচেতন হননি। পরিবার সূত্রে জানা গেছে, এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর নগরীর খালিশপুর এলাকায় নিজের অটোরিকশা নিয়ে বের হন রনি। এরপর এক যাত্রীসেজে ব্যক্তি অটোরিকশায় উঠে বড় মির্জাপুর হয়ে মির্জাপুর ক্রসরোডে যাওয়ার কথা বলে।
নির্জন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই ব্যক্তি হাতে থাকা হাতুড়ি দিয়ে রনির মাথায় একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রনিকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান হামলাকারী।
স্থানীয়রা রনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রনিকে ঢাকায় আনা হয় এবং দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তার জ্ঞান এখনো ফিরেনি।
রনির স্ত্রী মুক্তা জানান, রনি পেশায় একজন অটোরিকশাচালক ও মিস্ত্রি। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় এক মাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা ক্রয় করেছিলেন, যা দিয়েই সংসার চলে।
এই দুর্ঘটনার ফলে তাদের জীবন ভেঙে পড়েছে। মুক্তা বলেন, “আমার স্বামী এখনও কথা বলতে পারছে না, জ্ঞানও ফেরেনি। গাড়িটাও নেই। চিকিৎসার খরচ কীভাবে চালাব, সংসার কীভাবে চলবে তা বুঝতে পারছি না।”
ঘটনাটি তদন্ত শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানিয়েছেন, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রনির বাড়ি খালিশপুর এলাকায় অবস্থিত। যদিও রনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন থাকায় পরিবার এখনও মামলা দায়ের করেনি, তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
বিডি/এএন

































