একযোগে ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি
Published : ১৯:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন পর্যায়ের মোট ৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মাহবুবুর রহমানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত নতুন পদ ও কর্মস্থলে বদলি কিংবা পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে এসবির অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকেও ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) সাহেব আলী পাঠানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে পদায়ন করা হয়।
এছাড়া রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে রাজশাহীতে সংযুক্ত থাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি অ্যান্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়ার ক্ষেত্রে পূর্বের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
বিডি/এএন





























