এপস্টেইন ফাইলসে উঠে এলো ক্রীড়া বিশ্বের বড় তারকারা
Published : ২০:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে ‘এপস্টেইন ফাইলস’। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের তদন্তসংক্রান্ত বিপুল নথিপত্র জনসমক্ষে প্রকাশ করেছে।
এসব নথিতে উঠে এসেছে বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির নাম, যা নতুন করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। শুধু রাজনীতি বা ব্যবসা নয়, এই তালিকায় জায়গা করে নিয়েছে ক্রীড়া জগতের অনেক বড় তারকাও।
ভারতের সংবাদমাধ্যম ‘দ্য উইক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইন ফাইলসে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও গলফসহ বিভিন্ন খেলাধুলার কিংবদন্তি খেলোয়াড়দের নাম পাওয়া গেছে।
এর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, শচীন কোনো বিতর্কিত তালিকায় নন; বরং তাকে রাখা হয়েছে ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ অর্থাৎ সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের ক্যাটাগরিতে।
ফুটবল বিশ্বেও এই ফাইলস আলোড়ন তুলেছে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নামও নথিতে উঠে এসেছে। মেসিও রয়েছেন ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ তালিকায়, যেখানে তার প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই বিভাগে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহামের নামও দেখা গেছে।
এছাড়া বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডান এবং গলফ তারকা টাইগার উডসের নামও রয়েছে এপস্টেইন ফাইলসে। প্রতিবেদনে বলা হয়, টাইগার উডসের নাম একটি ই-মেইল তালিকার সূত্রে উঠে এসেছে। অন্যদিকে মাইকেল জর্ডানের নাম এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া ‘প্রেসিডেন্সিয়াল মেডেল’ সংক্রান্ত তথ্যের মাধ্যমে।
সব মিলিয়ে, এপস্টেইন ফাইলস ক্রীড়া বিশ্বের বহু আলোচিত তারকার নাম সামনে এনে নতুন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একই সঙ্গে তদন্ত সংশ্লিষ্টদের নজরও এখন এই বিষয়গুলোর দিকে আরও গভীরভাবে পড়েছে।
বিডি/এএন
































