উত্তপ্ত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
Published : ১৪:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এলাকায় সরকারি চাকরিজীবীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলেছে।
এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তার জন্য কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় এই ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা জড়ো হন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের পর তারা মিছিল শুরু করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হন।
বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে অগ্রসর হওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে মিছিল একপর্যায়ে ছত্রভঙ্গ হয়।
কিছু সময় পর আন্দোলনকারীরা পুনরায় জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ কারণে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। বেলা সাড়ে ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে সংঘর্ষ চলতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সেখানে ১৪৪ ধারা জারি করার তথ্য দেন এবং পরিস্থিতি শান্ত করতে প্রশাসনিক তৎপরতা চালান।
বিডি/এএন






























