এইচএসসি ফরম পূরণ শুরু কবে, জানুন ফি কত

এইচএসসি ফরম পূরণ শুরু কবে, জানুন ফি কত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ১ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে ৯ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ১০ মার্চের মধ্যে বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়া যাবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ অর্থ জমা দেওয়ার শেষ সময়ও ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা ফি
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতিটি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।

বিশেষ নির্দেশনা
যোগ্যতা: কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে তা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে।

সিলেবাস: নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন নবায়ন: ২০২০-২১ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা ২৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।

মডেল টেস্ট: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য মডেল টেস্ট নিতে পারবে। তবে এর জন্য অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না এবং এতে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়।

এছাড়া বোর্ড জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি গ্রহণ করতে পারবে। পরীক্ষার শুরুর তারিখ পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement