দিল্লিতে আবারও ভারতীয়দের ভিসা দিচ্ছে বাংলাদেশ

দিল্লিতে আবারও ভারতীয়দের ভিসা দিচ্ছে বাংলাদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা আবারও প্রদান শুরু হয়েছে বলে জানিয়েছে India Today।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেল। হাই কমিশনের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকেই ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা চালু করা হয়েছে। ফলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে মিশন।

এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের পক্ষ থেকেও জানানো হয়, তারা খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। দুই দেশের পারস্পরিক উদ্যোগকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। গত ডিসেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর প্রকাশের পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ হয় এবং মিশনে ঢিল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলায় অবস্থিত নিজেদের মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান–কে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তিনি শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন Om Birla।

এর মধ্যেই বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে। তার ঘোষণার পরদিনই দিল্লিতে ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু করে বাংলাদেশ হাই কমিশন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement