কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বলেছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য একত্রিত হয়ে সরকারি দলের ২১১ জন সংসদ সদস্যকে তীরের মতো সোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।
কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, চরমোনাইয়ের একজনসহ তাদের সংখ্যা ৭৮ জন, শেরপুরের আরেকজন যুক্ত হলে মোট দাঁড়ায় ৭৯ জন।
অন্যদিকে সরকারি দলে রয়েছেন ২১১ জন সংসদ সদস্য। তার ভাষায়, “আমরা এই ৭৯ জন মিলে সর্বোচ্চ চেষ্টা করব যাতে ওই ২১১ জন তীরের মতো সোজা থাকে। কেউ যদি এদিক-ওদিক করার চেষ্টা করে, আমরা চেপে ধরব—সেটা সংসদের ভেতরে হোক কিংবা বাইরে।”
তিনি আরও বলেন, তাদের কাছে দল-বদল বা ধর্ম-অধর্ম বড় বিষয় নয়; ন্যায়-অন্যায়ই প্রধান বিবেচ্য। “আমাদের দলের কেউ চাঁদাবাজি করলে অসুবিধা নেই, আর অন্য দলের করলে ধরা হবে—এটা ন্যায়বিচার হতে পারে না,” বলেন তিনি। তার মতে, যে-ই অন্যায় করবে, তার বিরুদ্ধেই অবস্থান নেওয়া হবে।
মুফতি আমির হামজা জানান, সংসদ সদস্য হিসেবে তিনি ১ লাখ ৮৩ হাজার ভোট পেলেও পুরো সাড়ে চার লাখ মানুষের প্রতিনিধি। “আমি শুধু যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতিনিধি নই; পুরো এলাকার মানুষের সংসদ সদস্য। সবাইকে আমি নিজের ভাই-বোনের মতো মনে করি,” বলেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী পাঁচ বছর সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
এর আগে সকাল ৯টার দিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং জনসেবামূলক কাজের মধ্য দিয়ে তার দায়িত্বের সূচনা করেন।


































