লিভার ক্যানসারের ঝুঁকি ৬০ শতাংশ কমাতে যে অভ্যাসগুলো বদলাবেন

লিভার ক্যানসারের ঝুঁকি ৬০ শতাংশ কমাতে যে অভ্যাসগুলো বদলাবেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বজুড়ে লিভার ক্যানসারের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয় হেপাটাইটিস বি ও সি ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন, লিভার ক্যানসারের ঝুঁকি কমাতে হলে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং ক্ষতিকর অভ্যাস পরিহার করা অত্যন্ত জরুরি।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা।

এর পাশাপাশি হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও সমানভাবে প্রয়োজনীয়। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, সঠিক প্রতিরোধমূলক পদক্ষেপ নিলে লিভার ক্যানসারের ঝুঁকি প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। গবেষণাটি প্রকাশ করেছে The Lancet Commission।

গবেষকদের মতে, লিভার ক্যানসারের একটি বড় কারণ হলো ফ্যাটি লিভার, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়েটোহেপাটাইটিস’ (এমএএসএইচ) নামে পরিচিত। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ২০৫০ সালের মধ্যে এমএএসএইচের প্রকোপ প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

একই সঙ্গে গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী প্রতি বছর যদি ২ থেকে ৫ শতাংশ হারে এই ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করা যায়, তবে আগামী ২৫ বছরে ৯০ লাখ থেকে ১ কোটি ৭০ লাখ সম্ভাব্য লিভার ক্যানসার আক্রান্তের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

গবেষণাপত্র প্রসঙ্গে University of Hong Kongয়ের অধ্যাপক স্টিফেন লাম চ্যান বলেন, ডায়াবেটিস ও স্থূলতায় ভোগা ব্যক্তিদের জন্য সরকারি পর্যায়ে আরও জোরালো সচেতনতা কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। তার মতে, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলার মাধ্যমে লিভার ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

অধ্যাপক চ্যান আরও জানান, প্রতি পাঁচটি লিভার ক্যানসার রোগীর মধ্যে প্রায় তিনটির ক্ষেত্রে হেপাটাইটিস, স্থূলতা বা অতিরিক্ত মদ্যপানের সরাসরি বা পরোক্ষ ভূমিকা থাকে। তাই এই বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা বাড়ানো গেলে রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেতে পারে।

Journal of Hepatology-এর ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ৪৬টি দেশে প্রতি বছর শীর্ষ তিনটি ক্যানসারের মধ্যে একটি হলো লিভার ক্যানসার। আরও আশঙ্কাজনক বিষয় হলো, ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ কারণে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

গবেষণায় বিশেষভাবে সুপারিশ করা হয়েছে, ভবিষ্যতে লিভার ক্যানসার নিয়ন্ত্রণে শিশুদের অধিকহারে হেপাটাইটিস বি ও সি টিকাদানের আওতায় আনা উচিত। পাশাপাশি মদ্যপান, ফ্যাটি লিভার ও হেপাটাইটিস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত লিভার ক্যানসারের ঝুঁকি হ্রাস করা সম্ভব।

লিভার ক্যানসারের ঝুঁকি কমাতে যেসব অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো হলো—

মদ্যপান পরিহার
অতিরিক্ত মদ্যপান লিভার সিরোসিসের ঝুঁকি বাড়ায়, যা পরবর্তীতে লিভার ক্যানসারের কারণ হতে পারে। তাই সম্পূর্ণভাবে মদ্যপান থেকে বিরত থাকাই সর্বোত্তম।

ওজন নিয়ন্ত্রণ
অতিরিক্ত ওজন ও স্থূলতা লিভারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করে। সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।

হেপাটাইটিস সংক্রমণ প্রতিরোধ
হেপাটাইটিস বি ও সি ভাইরাস লিভার ক্যানসারের প্রধান কারণগুলোর একটি। তাই টিকা গ্রহণ, নিরাপদ চিকিৎসা পদ্ধতি অনুসরণ এবং সচেতন আচরণের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা উচিত।

সুষম খাদ্যাভ্যাস
ফলমূল, শাকসবজি ও আঁশসমৃদ্ধ শস্য বেশি করে খাওয়া উচিত। অন্যদিকে ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আনতে হবে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
লিভার ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসা সহজ হয়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন।

এসব প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করলে লিভার ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement