মাত্র ৬ দিনে ঢাকা থেকে বাতিল ২১০ ফ্লাইট

মাত্র ৬ দিনে ঢাকা থেকে বাতিল ২১০ ফ্লাইট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৬, ৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও। এর ফলে ঢাকা থেকে গত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাতিল হয়েছে আরও ৩৪টি ফ্লাইট। সব মিলিয়ে গত ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ। তিনি ঢাকা পোস্টকে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে একের পর এক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয়েছে ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি এবং ফ্লাইট দুবাইয়ের (দুবাই) ৪টি ফ্লাইট।

অন্যদিকে ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement