ছুটির দিনেও কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১৭:৪২, ৭ মার্চ ২০২৬
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ (শনিবার) দাপ্তরিক কাজ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তৃতীয় শনিবারও রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কার্যালয়ে উপস্থিত হয়ে অফিস করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন কার্যালয়ে দায়িত্ব পালন করেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২টার দিকে কার্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছানোর পরই তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং এর বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
এরপর দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
এদিকে দেশের ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাপ্তরিক কাজ শেষ করে তিনি কার্যালয় থেকে সেখানে যাওয়ার কথা রয়েছে।
বিডি/এএন

































