বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরলেন ৪০৫ জন
Published : ১৯:১৪, ৬ মার্চ ২০২৬
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ জন যাত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
এর আগে বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে প্রথম বিশেষ ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গত বৃহস্পতিবার সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে দেশে ফিরে আসে ফ্লাইটটি। ওই ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।
অন্যদিকে দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
জানা গেছে, ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করে ইউএস-বাংলা এয়ারলাইনস এই দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
এ উদ্যোগের আওতায় যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা অল্প সময়ের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে।
বিডি/এএন
































