স্যালাইন কিনে আর বাড়ি ফিরলো না হারেজ মোল্লা

স্যালাইন কিনে আর বাড়ি ফিরলো না হারেজ মোল্লা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১১, ৮ মার্চ ২০২৬

যশোরে স্যালাইন কিনে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হারেজ মোল্লা (৭০)। তিনি বাউলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মতলেব মোল্লার ছেলে বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, শনিবার রাতে হারেজ মোল্লা বাউলিয়া বাজার থেকে স্যালাইন কিনে নিজ বাড়িতে ফিরছিলেন।

বাড়ি যাওয়ার পথে তিনি বাজার এলাকার রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি ফারুক আহমেদ আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি এবং তার চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement