ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১
Published : ২৩:২২, ৭ মার্চ ২০২৬
রাজশাহীর মোহনপুরে আসন্ন ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মালা বক্সের ছেলে।
ঘটনার পর থেকে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহ মাঠে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক চলাকালে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে আলাউদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আলাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে নিহতের মরদেহ তার বাড়িতে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডি/এএন































