সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রধানমন্ত্রীর
Published : ২০:৫১, ৬ মার্চ ২০২৬
দেশের শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি তার সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থার সব পর্যায়ে দুর্নীতি নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তার মতে, কেবল আইন প্রণয়ন করলেই দুর্নীতি বন্ধ হবে না; বরং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতির মূল শিকড় উপড়ে ফেলতে হবে।
বিদেশি কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, মানবাধিকার রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে তার সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
বিডি/এএন
































