ইফতারের মুহূর্তে ক্রেতাদের মারধর করলেন স্টার কাবাবের কর্মীরা
Published : ১০:৫৫, ৮ মার্চ ২০২৬
পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে অবস্থিত স্টার কাবাব রেস্তোরাঁয় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, রেস্তোরাঁটির কয়েকজন কর্মী সংঘবদ্ধ হয়ে ক্রেতাদের মারধর করেছেন।
শনিবার (৭ মার্চ) ইফতারের সময় এই ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁর ভেতরে কর্মীদের কয়েকজনকে চেয়ার ও পানির বোতল দিয়ে ক্রেতাদের ওপর আক্রমণ করতে দেখা যায়। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে কয়েকজন ক্রেতা ইফতার করার জন্য স্টার কাবাব রেস্তোরাঁয় যান। ইফতারের প্লেটে পরিবেশিত খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর রেস্তোরাঁর কয়েকজন কর্মী একসঙ্গে ক্রেতাদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতর ও সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে কয়েকজন কর্মীকে চেয়ার ও পানির বোতল হাতে নিয়ে ক্রেতাদের দিকে হামলে পড়তে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন কর্মী মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করছেন। আশপাশে থাকা লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কর্মীদের আক্রমণাত্মক আচরণের কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানিয়েছেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জের ধরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন।
তিনি আরও জানান, মারধরের শিকার ক্রেতারা থানায় অভিযোগ করেছেন এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে ঘটনার বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডি/এএন


































