ভারতের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কৌশল গম্ভীর ফাঁস করলেন
Published : ০৩:২৫, ১০ মার্চ ২০২৬
টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে তারা প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল।
পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে সূর্যকুমার যাদবদের দল।
ভারতের এই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার সাঞ্জু স্যামসন। টুর্নামেন্টের শুরুতে তিনি নিয়মিত একাদশে জায়গা পাননি। তবে শেষের দিকে তাকে দলে সুযোগ দেন কোচ গৌতম গম্ভীর। কোচের সেই আস্থার প্রতিদান ব্যাট হাতে দারুণভাবে দিয়েছেন স্যামসন।
বিশ্বকাপের শেষ তিন ম্যাচে টানা তিনটি ফিফটি করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পুরো আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন স্যামসন। তাকে নিয়ে কোচ গৌতম গম্ভীর বলেন, “এটা সাহসিকতার সিদ্ধান্তের চেয়ে বেশি ছিল কৌশলগত পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার কিংবা অধিনায়কের কখনোই মনে হয়নি সাঞ্জু ফর্মের বাইরে রয়েছে।”
গম্ভীর আরও বলেন, “নিউজিল্যান্ড সিরিজের পর আমাদের মনে হয়েছিল তার কিছুটা বিশ্রাম প্রয়োজন। নেতৃত্বের অংশ হিসেবে মাঝে মাঝে কাউকে বিশ্রাম দেওয়াও ভালো সিদ্ধান্ত হতে পারে। এতে চাপ থেকে কিছুটা দূরে থাকা যায়, মাথা পরিষ্কার করা যায় এবং নতুনভাবে মাঠে ফেরা সম্ভব হয়।”
দলে বেশ কয়েকজন ক্রিকেটার থাকায় একাধিক কম্বিনেশনে একাদশ সাজানোর সুযোগ ছিল বলে জানান ভারতীয় কোচ। তিনি বলেন, “আমাদের দলে বিভিন্ন কম্বিনেশনে খেলার সুযোগ ছিল। আর এটিই এই দলের গভীরতার প্রমাণ। ব্যাটিং অর্ডারের নিচের দিকে রিঙ্কু ছিল।”
তিনি আরও যোগ করেন, “পরে আমরা মনে করেছি টপ অর্ডারে টানা তিনজন বাঁহাতি ব্যাটসম্যান থাকার ধারায় কিছুটা পরিবর্তন আনা দরকার। তবে সেটা অফ-স্পিনারদের ভয়ে নয়।
অফ-স্পিনার আমাদের দুই বাঁহাতি ব্যাটসম্যানের জন্য বড় সমস্যা হবে—এমন আলোচনা কখনো হয়নি। আমরা শুধু চেয়েছিলাম ওপরে সাঞ্জুর মতো দক্ষ ও বিস্ফোরক ব্যাটারকে রাখতে, যাতে এক, দুই ও তিন নম্বরে তিনজন আক্রমণাত্মক ব্যাটার থাকে। এটাই ছিল মূল কারণ। আমার কাছে এটি কোনো সাহসী সিদ্ধান্ত নয়, বরং পুরোপুরি কৌশলগত সিদ্ধান্ত।”
বিডি/এএন
































