ইরানি নারী ফুটবলারদের আশ্রয় দিতে প্রস্তুত ট্রাম্প
Published : ২৩:৩৩, ৯ মার্চ ২০২৬
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালীন দলীয় হোটেল থেকে পালিয়ে যাওয়া ইরানি নারী ফুটবলারদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, অস্ট্রেলিয়া সরকার যদি ওই খেলোয়াড়দের আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, ইরানের জাতীয় নারী ফুটবল দলকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়ে অস্ট্রেলিয়া একটি বড় মানবিক ভুল করতে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ইরানে ফেরত পাঠানো হলে এসব খেলোয়াড়ের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং তাদের ওপর কঠোর শাস্তি বা হত্যার আশঙ্কাও রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, এমন সিদ্ধান্ত না নিয়ে খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। আর যদি অস্ট্রেলিয়া তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের গ্রহণ করবে।
ইরানে ফিরে গেলে এসব ফুটবলারের ওপর নিপীড়ন বা কঠোর শাস্তি নেমে আসতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক মহলে তাদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত বাজানোর সময় খেলোয়াড়রা মাঠে নীরব দাঁড়িয়ে ছিলেন।
যদিও তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি, তবে ইরানের অভ্যন্তরে থাকা কিছু কট্টরপন্থী গোষ্ঠী এই নীরবতাকে রাষ্ট্রদ্রোহিতার ইঙ্গিত হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতির মধ্যে সংবাদমাধ্যম সিএনএন স্পোর্টসের একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের অন্তত পাঁচজন সদস্য ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় তাদের নির্ধারিত দলীয় হোটেল ছেড়ে চলে গেছেন। বর্তমানে তারা স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে নিরাপদ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
বিডি/এএন

































