স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে আজ সরকারি দলের সংসদীয় সভা

স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে আজ সরকারি দলের সংসদীয় সভা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪২, ১১ মার্চ ২০২৬

সরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, এ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা দায়িত্ব পাবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই সভা থেকেই আসতে পারে।

এ ছাড়া সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি গঠন নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সংসদের কার্যপ্রণালি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

তবে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন। অন্যদিকে হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় নতুন সংসদের প্রথম অধিবেশন পরিচালনার জন্য একজন সভাপতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement