রাজধানীতে পথচারীকে মারধর, ভাইরাল বিদেশি মডেলের ভিডিও
Published : ২৩:৩০, ১০ মার্চ ২০২৬
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত সড়কগুলোর একটি গুলশান এভিনিউতে এক পথচারীকে প্রকাশ্যে মারধর করার অভিযোগে নতুন করে আলোচনায় এসেছেন রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির।
সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গুলশান এভিনিউয়ের একটি ট্রাফিক সিগন্যালে অনেক যানবাহন দাঁড়িয়ে আছে। সেই সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে একজন পথচারী রাস্তা পার হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় অসাবধানতাবশত ওই ব্যক্তির ব্যাগ মনিকা কবিরের কনুই বা শরীরের সঙ্গে লেগে যায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।
ভিডিওতে দেখা যায়, মনিকা কবির হঠাৎই মেজাজ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দেন এবং নিজের হাতে থাকা ব্যাগ দিয়ে তাকে একাধিকবার আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে চলতে থাকা এই ঘটনাটি অনেক মানুষের সামনেই ঘটে। তবে আশপাশে লোকজন থাকলেও কাউকে এগিয়ে এসে পরিস্থিতি থামানোর চেষ্টা করতে দেখা যায়নি।
ভিডিওর সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অংশটি ছিল শেষের দিকে। পথচারীকে মারধর শেষ করার পর মনিকা কবির ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন। তার এই আচরণকে অনেকেই সামাজিক মাধ্যমে ‘অহংকারী’ ও ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র সমালোচনা চলছে, তবে কিছু ব্যবহারকারী ভিন্ন একটি দাবি তুলেছেন। তাদের মতে, ওই পথচারী নাকি মনিকা কবিরের উদ্দেশ্যে অশোভন কোনো ইঙ্গিত বা মন্তব্য করেছিলেন, যার প্রতিক্রিয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে পথচারীর পক্ষ থেকে এমন কোনো আচরণের নিশ্চিত প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মনিকা কবির পেশায় একজন মডেল হলেও মূলধারার ফ্যাশন শো বা বিজ্ঞাপনের জগতে তাকে খুব বেশি নিয়মিত দেখা যায় না। তবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়া এবং অনলাইন ভিডিওতে অদ্ভুত ধরনের মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি আগেই সামাজিক মাধ্যমে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে তার কথা বলার ধরন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য প্রায়ই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
বিডি/এএন
































