চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল সরকারি ফ্যামিলি কার্ড

চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল সরকারি ফ্যামিলি কার্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৩, ১০ মার্চ ২০২৬

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সারাদেশে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ভোলার চরফ্যাশন উপজেলায় নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের মধ্যে পরীক্ষামূলকভাবে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৪৮৬টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

কর্মসূচির প্রাথমিক বাস্তবায়ন বা পাইলটিং পর্যায়ে ২৮৮ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তবে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত জটিলতার কারণে ৫০ জনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান সম্ভব হয়নি। ফলে আজ ২৩৩ জন উপকারভোগীর মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে ২৮৮টি পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড গ্রহণ করেন। পাশাপাশি ২৩৩টি পরিবারের কাছে বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement