বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন ইংল্যান্ড তারকা

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন ইংল্যান্ড তারকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৭, ১১ মার্চ ২০২৬

ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার আসন্ন ফিফা বিশ্বকাপের মাত্র তিন মাস আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন ওয়াকার। তিনি বলেন, ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামা তার জন্য সব সময়ই গর্বের বিষয় ছিল। এই সিদ্ধান্ত নিতে কিছুটা কষ্ট হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে জাতীয় দলের হয়ে যা অর্জন করেছেন, তা নিয়ে তিনি গভীর গর্ব অনুভব করেন।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ওয়াকার পাঁচটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তিনি ইউরো ২০২০ এবং ইউরো ২০২৪ আসরে রানারআপ হওয়া ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়া ২০১৮ সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে পৌঁছাতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

অবসরের ঘোষণা দিতে গিয়ে ওয়াকার তার সতীর্থদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় দলের হয়ে কাটানো সময়গুলো তার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ডিফেন্ডার। তিনি বলেন, সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই খেলোয়াড়দের দেশের জন্য গর্ব বয়ে আনতে অনুপ্রাণিত করে। অবসর নিলেও তিনি সব সময় ইংল্যান্ড দলের পাশে থাকবেন বলেও জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement