অর্থনীতিতে নারী-পুরুষ সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Published : ১২:৫৯, ১১ মার্চ ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, জাতিসংঘ বাংলাদেশ এবং লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, একটি উদার, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তোলা জরুরি, যেখানে নারীরা কোনো ধরনের ভয় বা প্রতিবন্ধকতা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে কাজ করার সুযোগ পাবেন।
নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নারীদের কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে হলে তাদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।
নিজের নির্বাচনী এলাকার একটি সফল উদ্যোগের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সেখানে নারী পোশাক শ্রমিকদের সন্তানদের জন্য একটি ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। ফলে মায়েরা তাদের সন্তানদের নিরাপদ পরিবেশে রেখে নিশ্চিন্তে কর্মস্থলে সময় দিতে পারছেন। এই ধরনের সুবিধা দেশব্যাপী চালু করতে সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে পোশাক কারখানার মালিকদের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
ববি হাজ্জাজ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই একটি ‘১৮০ দিনের কর্মপরিকল্পনা’ চূড়ান্ত করতে যাচ্ছেন। এই পরিকল্পনায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য বিভিন্ন অগ্রাধিকারমূলক পদক্ষেপ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএন উইমেন বাংলাদেশের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা।
অনুষ্ঠানে বিভাগের কর্মসূচি সমন্বয়কারী অধ্যাপক ড. তানিয়া হক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। এতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি/এএন






























