ঢাকায় সভা-সমাবেশে ডিএমপির বিধিনিষেধ জারি
Published : ১৫:৪৮, ১১ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) দুপুরে জারি করা এক আদেশে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট কয়েকটি এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ওইসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের মতো কর্মসূচিও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়। বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং জাতীয় সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত সড়ক, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণি থেকে পুরাতন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা।
এছাড়াও জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরে থাকা সব ধরনের সড়ক ও গলিপথ এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।
ডিএমপি জানিয়েছে, সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট এলাকায় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি/এএন

































