কবরস্থান মেরামতের কাজে গিয়ে নিখোঁজ, শ্মশানে ১৮ দিন পর মিলল মরদেহ
Published : ১৪:০০, ১১ মার্চ ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলায় মাটি ও কবরস্থান মেরামতের কাজে নিখোঁজ হওয়া নয়ন কুমার মহন্ত (২৪) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে প্রায় ১৮ দিন পর।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের একটি শ্মশান ঘাটের আমগাছের নিচ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত নয়ন কুমার মহন্ত নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ দিন আগে নয়ন বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে এসে হঠাৎ নিখোঁজ হন। সহকর্মীরা বহু খোঁজাখুঁজি করার পরও তাকে খুঁজে না পেয়ে পরিবারকে বিষয়টি জানান।
মরদেহ উদ্ধারের সময় চকবেনী গ্রামের স্থানীয় এক ব্যক্তি অজিত আমগাছের নিচে একজনকে হেলান দিয়ে বসে থাকতে দেখেন। দীর্ঘক্ষণ কোনো নড়াচড়া না দেখে তিনি কাছে গিয়ে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা স্পষ্ট হবে।
বিডি/এএন

































