এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না: জামায়াত সেক্রেটারি
Published : ১৬:০১, ১১ মার্চ ২০২৬
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে নয় জামায়াতে ইসলামী—এমনটাই জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। সংসদের অধিবেশন শুরু হলে এ বিষয়ে তাদের দলের সংসদ সদস্যরা কথা বলবেন। পাশাপাশি সংসদে তাদের বিরোধীদলীয় নেতা রয়েছেন, তিনিও এ বিষয়ে মতামত দেবেন।
তিনি আরও বলেন, অধিবেশন শুরু হলে সংস্কার এবং জুলাই সনদ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এর কার্যক্রম নিয়েও আলোচনা করার প্রয়োজন রয়েছে। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তির আগে ডেপুটি স্পিকার নির্বাচন করা তারা সমর্থন করেন না। তার মতে, জুলাই সনদের বিষয়টি আগে পরিষ্কারভাবে নিষ্পত্তি হওয়া জরুরি।
এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেন সংসদে থাকা ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। সংসদে তাদের করণীয় ও ভূমিকা কী হবে, তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিডি/এএন



































