শিগগিরই দেশে ফিরব: সাকিব আল হাসান
Published : ১৬:২৪, ১১ মার্চ ২০২৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন।
তিনি কবে দেশে ফিরবেন—এ নিয়ে দীর্ঘ সময় ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, “বাংলাদেশে যাব, ইনশা আল্লাহ খুব দ্রুতই। ইনশা আল্লাহ।”
সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছিলেন এই তারকা অলরাউন্ডার। সেই সিরিজের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে, যার পর থেকেই সাকিব বিদেশেই অবস্থান করছেন।
মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। ফলে দেশে ফেরার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলেও জানা গেছে। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর ফাইল নিয়ে কাজ চলছে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি দ্রুতই আবার জাতীয় দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
তবে সম্প্রতি এ বিষয়ে কিছুটা অনিশ্চয়তার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলেই সাকিব আল হাসান এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবারও দেশের মাঠে খেলতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আইনজীবীদের মাধ্যমে আইনগত বিষয়গুলো মোকাবিলা করতে হবে। তারা যদি আইনের দৃষ্টিতে নিরপরাধ প্রমাণিত হয়ে দেশে ফিরে আবার মাঠে নামেন, তাহলে একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি তাদের স্বাগত জানাবেন। এ বিষয়ে সরকার শতভাগ নমনীয় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিডি/এএন


































