আজ থেকে শুরু ভোটপ্রচার বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে
Published : ১৩:৫৭, ১৬ মার্চ ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ থেকে প্রার্থীদের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী,
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে আগামী ৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার ব্যবহার করা হবে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নথিভুক্ত করা হবে। নির্বাচনী প্রচার ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ করতে হবে।
রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শেরপুর-৩ আসন:
শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ভোটে অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছিল এবং পরে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।
বগুড়া-৬ আসন:
বগুড়া-৬ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান, এই আসনের উপ-নির্বাচনে মোট তিনজন প্রার্থী রয়েছেন। বিএনপি থেকে মো. রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে এবং জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, আসনের নির্বাচনী পরিবেশ ইতিমধ্যেই ভালো অবস্থায় রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়লাভ করেছিলেন। তবে একই সময়ে তিনি ঢাকা-১৭ আসনও জয় করেছিলেন, যা রাখার বিধান অনুযায়ী ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ইসি নতুন করে তফসিল প্রকাশ করেছেন।
বিডি/এএন































