ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা জারি

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা জারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৩, ১৬ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের দিন ছাড়া বাকি সময় এই কার্যক্রম চলবে।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরে তা দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আমদানি ও রপ্তানিসংক্রান্ত কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে, সে লক্ষ্যে ঈদের দিন বাদে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনসহ) সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

এছাড়া শিল্পাঞ্চলের বিশেষ শাখাগুলো আগামী ১৮ ও ১৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাকশিল্পসমৃদ্ধ এলাকাগুলো এই বিশেষ ব্যাংকিং সুবিধার আওতায় থাকবে। তবে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ বিবেচনায় নির্ধারণ করতে পারবে।

এদিকে আগামী ২১ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে যদি ঈদুল ফিতর উদযাপিত হয়, তাহলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement