শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, যা জানা গেছে

শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, যা জানা গেছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫২, ১৬ মার্চ ২০২৬

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে রাকিব আহমেদ (২৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।

নিহত রাকিব আহমেদ শেখ বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন।

তার গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবারটি বর্তমানে পুরান ঢাকার নিমতলী নাজিরাবাজার এলাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে রাকিব কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় এক যুবক তাকে ডেকে কিছুটা দূরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওই স্থান থেকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে দেখা যায়, হামলাকারীরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রাকিবকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত প্রায় ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করে। স্থানীয়দের ধাওয়া খেয়ে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

নিহতের বন্ধু আল-আমিন ও রনি জানান, তারা তখন চা খাচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement