ঈদ সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স, ১৪ দিনে ২ বিলিয়ন ডলার

ঈদ সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স, ১৪ দিনে ২ বিলিয়ন ডলার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৩, ১৬ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবার-পরিজনের কেনাকাটা ও অতিরিক্ত খরচের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন।

এর প্রভাবেই চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই দেশে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ১২১ কোটি টাকার সমান।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, রমজান মাস ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে পরিবারের জন্য অতিরিক্ত খরচের প্রয়োজন হয়। সেই কারণে প্রবাসীরা সাধারণ সময়ের তুলনায় বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন। ফলে এই সময়টাতে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১৪ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যেখানে প্রতি ডলারের মূল্য প্রায় ১২৩ টাকা ধরা হয়েছে, সেই হিসাবে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ১২১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ নতুন রেকর্ড গড়তে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে মোট ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকার কাছাকাছি। আগের বছরের একই সময়ের তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার।

অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৬৫৮ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ দশমিক ৬৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৩৬ কোটি ডলার।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement