মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ফিনালিসিমা স্থগিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ফিনালিসিমা স্থগিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৭, ১৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার কারণে ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমা ম্যাচটি বাতিল হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব সরাসরি ফিনালিসিমা আয়োজনেও পড়েছে।

উয়েফা ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পেনের মাটিতে স্পেনের বিপক্ষে খেলার বিষয়ে রাজি হয়নি এবং শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতেই খেলার আগ্রহ প্রকাশ করেছিল।

উয়েফা জানায়, কাতারের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারে ফিনালিসিমা আয়োজন সম্ভব হচ্ছে না। অন্যান্য বিকল্পও খতিয়ে দেখা হয়েছে, কিন্তু কোনো প্রস্তাবই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে গ্রহণযোগ্য হয়নি।

গত বছরের ১৮ ডিসেম্বর উয়েফা ঘোষণা করেছিল, ২০২৬ সালের ২৭ মার্চ লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমা হবে। এই স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসি শিরোপা জিতেছিলেন। ফুটবলপ্রেমীরা লামিনে ইয়ামাল ও মেসির লড়াই দেখতে মুখিয়ে ছিলেন, কিন্তু রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement