৬,৫৩৯ পুলিশ পরিদর্শকের গোপন তদন্ত

৬,৫৩৯ পুলিশ পরিদর্শকের গোপন তদন্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে আরও বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ৬,৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত ও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা থেকে ইতোমধ্যে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এ-সংক্রান্ত বিশেষ চিঠি পাঠানো হয়েছে। গুগল ফরমের মাধ্যমে পরিদর্শকদের ব্যক্তিগত তথ্য, প্রশাসনিক অভিজ্ঞতা, বর্তমান ও অতীত কর্মস্থল, চাকরিজীবনে পাওয়া শাস্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশে পরিদর্শকের অনুমোদিত পদ রয়েছে ৬,৯৫৭টি। বর্তমানে কর্মরত আছেন ৬,৫৩৯ জন। তাদের মধ্যে নিরস্ত্র পরিদর্শক ৪,৭১৯ জন, টেলিকমিউনিকেশন শাখায় ৯৮৪ জন এবং সশস্ত্র শাখায় ৮৩৬ জন।

সম্প্রতি দেশের বিভিন্ন থানার কয়েকজন ওসির কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পুলিশ সদর দপ্তরের মধ্যে বিষয়টি গুরুত্ব পেয়েছে। ওসি, পরিদর্শক তদন্ত ও পরিদর্শক অপারেশন পদে সাধারণত পরিদর্শকদেরই দায়িত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে অভিযান, তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা।

এ পরিস্থিতিতে ওসি পদে দায়িত্ব দেওয়ার আগে কর্মকর্তাদের অতীত রেকর্ড ও পেশাগত কর্মকাণ্ড আরও গভীরভাবে যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওসি পদায়নে ফিটলিস্টের নীতিমালা
পুলিশে ওসি পদায়নের জন্য আগে থেকেই একটি ফিটলিস্ট নীতিমালা রয়েছে। এই নীতিমালা অনুযায়ী নিরস্ত্র পরিদর্শকদের যাচাই-বাছাই করে যোগ্য কর্মকর্তাদের তালিকা তৈরির জন্য সাত সদস্যের একটি সিলেকশন কমিটিও রয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, আর্থিক অনিয়ম বা নৈতিক স্খলনের কারণে গুরুদণ্ড পাওয়া কর্মকর্তা ওসি পদে বিবেচিত হবেন না। পাশাপাশি বয়স, চাকরির অভিজ্ঞতা, শাস্তির রেকর্ড, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), প্রশিক্ষণ ও পূর্ববর্তী দায়িত্ব পালনের মতো বিষয়ও বিবেচনায় নেওয়ার কথা রয়েছে।

ওসি পদে বিবেচিত হতে নিরস্ত্র পরিদর্শক পদে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। গত পাঁচ বছরের এসিআরে নির্দিষ্ট মান বজায় রাখা এবং সাম্প্রতিক সময়ে বিরূপ মন্তব্য না থাকার বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পেয়েছে।

একই থানায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন দায়িত্ব পালন, একাধিকবার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া এবং নির্দিষ্ট মেয়াদের বেশি ওসি হিসেবে কাজ করার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

শুধু তদন্ত নয়, ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব
সাবেক পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন, ছয় হাজারের বেশি পরিদর্শকের বিষয়ে একসঙ্গে গোপন তদন্ত পরিচালনা করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। তাদের মতে, ওসি পদায়নে বিদ্যমান ফিটলিস্ট নীতিমালা কার্যকরভাবে অনুসরণ এবং পুলিশের ব্যবস্থাপনায় কাঠামোগত উন্নয়নও গুরুত্বপূর্ণ।

তাদের বক্তব্য অনুযায়ী, কর্মকর্তাদের পেশাগত রেকর্ড, দক্ষতা, শৃঙ্খলা ও পূর্ববর্তী দায়িত্ব পালনের তথ্য বিশ্লেষণ করে ওসি নির্বাচন করা হলে পদায়ন প্রক্রিয়া আরও কার্যকর হতে পারে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অবশ্য পরিদর্শকদের তথ্য সংগ্রহ ও গোপন তদন্তের বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হয়নি। কর্তৃপক্ষ এটিকে দাপ্তরিক গোপনীয় বিষয় হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: আমার দেশ

শেয়ার করুনঃ
Advertisement