যুক্তরাষ্ট্র ভ্রমণে নিজের খরচ বহনের সক্ষমতা নিশ্চিতের পরামর্শ মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিজের খরচ বহনের সক্ষমতা নিশ্চিতের পরামর্শ মার্কিন দূতাবাসের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৪, ২৮ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা থাকলে নিজের যাবতীয় ব্যয় বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে অনভিবাসী ভিসা আবেদনকারীদের উদ্দেশে এসব পরামর্শ দেওয়া হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের সব খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভ্রমণকালে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সেই ব্যয় বহনের প্রস্তুতিও রাখতে হবে।

এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দিয়েছে দূতাবাস। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা নেই—এমন বিষয় প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতেও বলা হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর দেওয়া আরেকটি সতর্কতামূলক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেওয়া বা জাল নথি জমা দেওয়ার কারণে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

শেয়ার করুনঃ
Advertisement