জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ শুরু, অংশ নিয়েছেন ২,৩১৮ কলেজের অধ্যক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ শুরু, অংশ নিয়েছেন ২,৩১৮ কলেজের অধ্যক্ষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৩, ২৮ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে শুরু হয়েছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সম্মিলনটির উদ্বোধন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা এবং কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা তৈরির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়টিও সম্মিলনের অন্যতম লক্ষ্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, দেশের উচ্চশিক্ষার বৃহত্তম অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মিলন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শেয়ার করুনঃ
Advertisement