শ্রমিকদের জন্য ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার
Published : ২০:২০, ৯ নভেম্বর ২০২৬
শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সংসদ সদস্য গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার করে একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ।
এর আগে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থাকে আমদানিনির্ভর করা হয়েছে। খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একই সময়ে শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।



























