অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুস সালাম
Published : ১৭:১০, ৮ নভেম্বর ২০২৬
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে আবারও অ্যাটকোর সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইটিভির আবদুস সালাম। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুদ্দিন মাহমুদ মামুন।
নতুন কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক। তাঁদের মধ্যে মো. হাসান সময় টেলিভিশনের প্রতিনিধি।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
নবনির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যরাও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।






























