রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের
Published : ১৯:২৬, ৮ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রচলিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দীর্ঘদিনের এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট মূলত একটি রাজনৈতিক সমস্যা। শুধু প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান হবে বলে মনে করা বাস্তবসম্মত নয়। এ পরিস্থিতিতে মিয়ানমার সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গেও বাংলাদেশ যোগাযোগ রাখছে।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। আন্তর্জাতিক সম্প্রদায়ও দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। তাই সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ এবং কার্যকর আলোচনা প্রয়োজন।
রোহিঙ্গা পরিস্থিতির ক্রমবর্ধমান চাপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত অর্থায়নের অভাবে শরণার্থী শিবিরগুলোতে মানবিক কার্যক্রম পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
সংকট মোকাবিলায় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলকে একসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাতে হবে। মিয়ানমারের বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শক্তিগুলোকে চাপ প্রয়োগ করতে হবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা জরুরি।
একই সঙ্গে রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ এবং সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।






























