মোহাম্মদ হানিফের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক, অভিযোগ অস্বীকার ইবনে সিনা ফার্মার

মোহাম্মদ হানিফের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক, অভিযোগ অস্বীকার ইবনে সিনা ফার্মার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৯, ৮ নভেম্বর ২০২৬

মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ হানিফকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) ও হেড অব সেলস পদে নিয়োগ দেওয়া হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়োগের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সদরুলের বিরুদ্ধেও সমালোচনা করছেন অনেকে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবিকে অসত্য ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

ফেসবুকে মাসুম আহমেদ নামের এক ব্যক্তি এ বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ হানিফ বর্তমানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে সিনিয়র জিএম ও হেড অব সেলস হিসেবে দায়িত্ব পালন করছেন।

পোস্টে তিনি জামায়াত ও ছাত্রশিবিরের নেতাদের এ বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। একই সঙ্গে মোহাম্মদ হানিফকে দ্রুত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দাবিও তোলেন।

বনি আমিন নামের আরেক ব্যক্তি ফেসবুক পোস্টে দাবি করেন, মীর কাসেম আলী ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উদ্যোক্তা ছিলেন। তাঁর ভাষ্য, মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনে সক্রিয় থাকা মোহাম্মদ হানিফ এখন ইবনে সিনায় সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস পদে দায়িত্ব পালন করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ‘ন্যাশনাল কনফারেন্স ২০২৬’-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। সেখানে মোহাম্মদ হানিফের স্বাক্ষরযুক্ত একটি চিঠি দেখা যায়। চিঠিতে জানানো হয়েছে, ২০২৭ সালের ৪ থেকে ৮ জানুয়ারি কক্সবাজারে ন্যাশনাল কনফারেন্স ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সম্মেলনের বিস্তারিত পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি একটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন মেনে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে ইবনে সিনা ফার্মা এবং এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্পর্কে বিভিন্ন কুৎসা, অসত্য ও মনগড়া বক্তব্য প্রচার করছে, যা দুঃখজনক ও অনভিপ্রেত। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সেলস বিভাগের কয়েকজন কর্মকর্তাকে অসদাচরণ, আর্থিক অনিয়ম ও দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানের সার্ভিস রুলস ও সেলস পলিসি অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে ইবনে সিনা ট্রাস্টের কয়েকজন কর্মকর্তাকেও নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির দাবি, চাকরিচ্যুত ব্যক্তিরা নিজেদের স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালিয়ে ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা ফার্মার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এ বিষয়ে শেয়ারহোল্ডার, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, কেমিস্ট ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুনঃ
Advertisement