অ্যাটকোর পরিচালক নির্বাচিত হলেন লিয়াকত আলী খান মুকুল
Published : ২০:০৯, ৮ নভেম্বর ২০২৬
অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন আবদুস সালাম। এ ছাড়া সহসভাপতি পদে কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন।
কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিয়াকত আলী খান মুকুল, নাভিদুল হক, মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
নবনির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।






























