ভোটের পর ’শালা’র মর্যাদাও দেয় না কেউ: জামায়াত আমির
Published : ১৩:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেক রাজনীতিক বলেন—আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। কিন্তু নির্বাচন শেষ হলে ভাই তো দূরের কথা, একটু শালার মর্যাদাও দেন না।
রোববার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করে আমাদের উপহার দিয়ে গেছেন, তাদের আকাঙ্ক্ষা আজও ৫৪ বছরেও পূরণ হয়নি। বসন্তের সুবাতাস বইতে শুরু করলেই নির্বাচনের আগে অনেকেই নানা ফুলঝুরি নিয়ে হাজির হন। কিন্তু ভোট শেষ হওয়ার পর জনগণ তাদের আর খুঁজে পান না। জামায়াতে ইসলামী সে ধরনের দল নয় উল্লেখ করে তিনি বলেন, চরম দুঃসময়ের মধ্যেও জামায়াত দেশ ছেড়ে পালায়নি।
ডা. শফিকুর রহমান আবারও বলেন, নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে আপনাকে ভাই বলে সম্বোধন করেন। কিন্তু নির্বাচন পার হয়ে গেলে ভাইয়ের সম্পর্ক তো থাকেই না, এমনকি শালার মর্যাদাটুকুও আর দেওয়া হয় না।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যদি কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে আগে তাদের উচিত শিক্ষা দিতে হবে, এরপর পুলিশের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যাদের দায়িত্ব আইন রক্ষা করা, তারা যদি আইন নিজের হাতে তুলে নিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে অতীতের মতো ভবিষ্যতেও তার ফল ভালো হবে না।
জামায়াত আমির আরও বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের কোনো নেতা জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না। সব জনপ্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরা বছরে দুইবার নিজেদের সম্পদের বিবরণ জাতির সামনে প্রকাশ করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।
তিনি জানান, জামায়াত সরকার গঠন করতে পারলে হবিগঞ্জ জেলার মৎস্য, বনজ ও খনিজ সম্পদ সংরক্ষণ এবং সুষম ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
এ সময় তিনি আরও প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করলে হাদি, আবু সাইদ ও আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার করা হবে।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো একটি দলের নয়—১৮ কোটির মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।
বিডি/এএন




























