জরিপে এগিয়ে তারেক রহমান, বাড়ছে প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা

জরিপে এগিয়ে তারেক রহমান, বাড়ছে প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন যতই কাছে আসছে, সাধারণ মানুষের আগ্রহ ও কৌতূহল ততই বাড়ছে।

আগামী দিনে দেশের নেতৃত্ব কার হাতে যাবে কিংবা কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী—এ নিয়ে সর্বত্র চলছে নানা আলোচনা ও জল্পনা। এমন প্রেক্ষাপটে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ‘সোচ্চার’ পরিচালিত একটি জরিপ সামনে এসেছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা মহানগরের চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন—ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৫ ও ঢাকা-১৭—কেন্দ্র করে পরিচালিত এই জরিপে মোট ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা ও ভোট দেওয়ার প্রবণতা বিবেচনায় নিয়ে এই বিশ্লেষণ করা হয়।

জরিপ অনুযায়ী, তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা-১৭ ও ঢাকা-১৩ আসনে বিএনপির এগিয়ে থাকা
রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বিপক্ষে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান মাঠে রয়েছেন।

জরিপ বলছে, এই আসনে ৩৫ শতাংশ ভোটার বিএনপি জোটের পক্ষে, আর ৩২ শতাংশ ভোটার জামায়াত জোটকে সমর্থন করছেন। জয়ের সম্ভাবনার প্রশ্নে ৪৬ দশমিক ৪ শতাংশ ভোটারের ধারণা—তারেক রহমানই এখানে জয়ী হবেন।

অন্যদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের মধ্যে সমানে সমান লড়াই চলছে। এখানে ৩৬ দশমিক ৮ শতাংশ ভোটার বিএনপির পক্ষে এবং ৩৪ শতাংশ জামায়াত জোটের প্রতি আস্থা জানিয়েছেন। এ আসনেও ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদী।

ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে জামায়াত জোটের শক্ত অবস্থান
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে ভোটারদের ঝোঁক সবচেয়ে বেশি জামায়াত জোটের দিকে। জরিপে দেখা গেছে, এখানে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থন করছেন, যেখানে বিএনপির পক্ষে রয়েছেন ৩০ শতাংশ। প্রায় অর্ধেক ভোটার—৪৯ দশমিক ২ শতাংশ—মনে করছেন, এই আসনে ডা. শফিকুর রহমানই বিজয়ী হবেন।

একই ধরনের চিত্র উঠে এসেছে ঢাকা-১১ আসনেও। এখানে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী নাহিদ ইসলাম ৪১ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে বিএনপির (৩৭ শতাংশ) চেয়ে এগিয়ে রয়েছেন। ফলে ঢাকার এই দুই গুরুত্বপূর্ণ আসন জামায়াত জোটের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে বলে জরিপ ইঙ্গিত দিচ্ছে।

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে?
জরিপে ভোটারদের কাছে সরাসরি জানতে চাওয়া হয়—‘এ বছর কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন?’ উত্তরে ৪২ দশমিক ১ শতাংশ ভোটার তারেক রহমানের নাম বলেছেন, যা তাকে শীর্ষে রেখেছে। ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার।

এ ছাড়া ১৬ দশমিক ২ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন এবং মাত্র ১ দশমিক ৮ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে এই পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪২ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ৭ শতাংশ নারী ভোটার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছেন। বিপরীতে ডা. শফিকুর রহমানের পক্ষে রয়েছেন ৩৪ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৫ শতাংশ নারী ভোটার।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement