প্রার্থিতা প্রত্যাহার করলেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী
Published : ০০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬
হিজড়াসহ দেশের সব সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর নুরপুর এলাকায় অবস্থিত তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় আনোয়ারা ইসলাম রানী বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা জরুরি। সে লক্ষ্যেই জুলাই জাতীয় সনদে অ্যাফারমেটিভ অ্যাকশন কার্যকর করার দাবি জানানো হয়েছিল।
তিনি জানান, চলমান নির্বাচনে রংপুর সদর এলাকার ভোটারদের উদ্দেশে হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। পাশাপাশি সংসদে হিজড়াসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আলাদা সংরক্ষিত আসন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এসব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে প্রকৃত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। তাই ব্যক্তিগত নির্বাচনী লড়াইয়ের চেয়ে বৃহত্তর অধিকার আদায়ের বিষয়টিকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন।
বিডি/এএন




























