জামায়াত আমিরের ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি, মাহাদী আমিনের প্রতিক্রিয়া

জামায়াত আমিরের ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি, মাহাদী আমিনের প্রতিক্রিয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

পলিসি ডেবেট নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আহ্বানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘চটকদার’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কৌশল হিসেবে দেখছে।

বিষয়টি নিয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন ফেসবুকে একাধিক মন্তব্যে নিজের অবস্থান প্রকাশ করেছেন।

মাহাদী আমিন বলেন, নির্বাচনের দীর্ঘ প্রচারণা চলাকালীন সময়ে, সমাপ্তির একেবারে দুই-তিন দিন আগে ফেসবুকে পোস্ট করা এবং নির্দিষ্ট ব্যক্তিকে ট্যাগ করা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার একটি কৌশল হতে পারে। তার ভাষ্য, বিষয়টি যথেষ্ট ‘চটকদার’ হলেও এটি বাস্তব রাজনৈতিক প্রস্তুতির সঙ্গে খুব বেশি সম্পর্কযুক্ত নয়।

পলিসি ডেবেটে বিএনপি অংশগ্রহণ করবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি জানান, আগামীকাল ও পরশুর নির্বাচনী কর্মসূচি অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্যাকড। এই সময়সূচির মধ্যে কতটুকু সময় বের করা সম্ভব, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, দীর্ঘ প্রচারণার শেষ মুহূর্তে এমন আহ্বানের পেছনে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন থেকে যায়।

মাহাদী আমিন বলেন, যে পলিসি ডেবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হঠাৎ করে কোনো পলিসি দেয়নি। ২০১৩ সালের জুলাই মাসে তারেক রহমান যা বলেছিলেন, তারই প্রতিফল আমরা নির্বাচনী ইশতেহারে দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদের পতনের পরও তিনি সমাজের প্রতিটি মানুষের কথা বিবেচনায় এনেছেন। দীর্ঘ সময় ধরে কোনো যৌক্তিক আলোচনা বা সমালোচনা ছাড়া হঠাৎ করে পলিসি ডেবেট আয়োজনের বিষয়টি প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, জামায়াত আমির গত দেড় বছরে বা তার আগের ১৬–১৭ বছরেও কোনো সুস্পষ্ট পলিসি নিয়ে প্রকাশ্যভাবে কথা বলেননি। অন্যদিকে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ‘ভিশন ২০৩০’, পরে তারেক রহমানের ঘোষিত ২৭ দফা এবং ২০২৩ সালে যুগপৎ আন্দোলনের অংশীদারদের সঙ্গে মিলিয়ে ৩১ দফা উপস্থাপন করেছে।

জামায়াত আমিরের বক্তব্যে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন মাহাদী আমিন। তিনি বলেন, নারী বিষয়ক কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, যা আল জাজিরাকে দেওয়া বক্তব্যের ধারাবাহিক। এতে বোঝা যায়, জামায়াতের আমির কোনো চাপের মধ্যে রয়েছেন।

নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল উদ্ধার এবং গ্রেফতার ব্যক্তির স্বীকারোক্তি নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। জাল ভোট রোধে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন।

অতিরিক্তভাবে, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জাল ভোটের আশঙ্কাও তুলে ধরেন মাহাদী আমিন। তিনি বলেন, ভোটার শনাক্তকরণের সময় মুখমণ্ডল উন্মুক্ত রাখার বিধান কঠোরভাবে কার্যকর করা প্রয়োজন। এছাড়া অতিরিক্ত ব্যালট ছাপানোর তথ্যও বিএনপি হাতে পেয়েছে বলে দাবি করেন তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement