বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল নিশ্চিত করবে নির্বাচন কমিশন
Published : ২৩:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে আগত বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল সেবায় নিয়োজিত থাকবেন ইসির ১৫ জন কর্মকর্তা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে আগত পর্যবেক্ষকদের প্রটোকল সুবিধা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সচিবালয় এবং এর অধীন মাঠপর্যায়ের মোট ১৫ কর্মকর্তাকে জনসংযোগ শাখায় সংযুক্ত করা হয়েছে।
প্রটোকল দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ইসি সচিবালয়ের বিভিন্ন শাখার উপপরিচালক, প্রোগ্রামার, সহকারী সচিব, সহকারী পরিচালক এবং মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদমর্যাদার কর্মকর্তারা। দায়িত্বপ্রাপ্তদের তালিকায় আছেন আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, মো. আবুল খায়ের রনি, আজিমুল ইসলাম, মো. সেলিম উল আলম, খ. ম. আরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, হাসান আল মাহমুদ, মো. শুভ আল হোসাইন, মো. নাইম ইসলাম, মো. সোলায়মান কবীর, মো. সোলায়মান, শাহরিয়ার খান এবং এস. এম. সাদমান সাকিব।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে প্রায় সাড়ে ৫৫ হাজার দেশীয় পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জন পর্যবেক্ষক আগমনের আগ্রহ প্রকাশ করেছেন, যা সামনে আরও বাড়তে পারে। আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের অবস্থান ও আতিথেয়তার ব্যবস্থা রাখা হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
বিডি/এএন
































