বাংলাদেশকে নিয়েবিশ্বকাপ শুরুর আগে যে বার্তা দিলো স্কটল্যান্ড

বাংলাদেশকে নিয়েবিশ্বকাপ শুরুর আগে যে বার্তা দিলো স্কটল্যান্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ভাগ্যের ফেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। বাছাইপর্বে ইতালির কাছে হারের পাশাপাশি জার্সির মতো তুলনামূলক অপরিচিত দলের নিচে অবস্থান করায় শুরুতে বিশ্বকাপের টিকিট পায়নি স্কটিশরা।

তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি বাংলাদেশকে বাদ দিলে সুযোগটি এসে যায় স্কটল্যান্ডের কপালে।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই পড়েছে তারা। উদ্বোধনী দিনে শনিবার (৭ ফেব্রুয়ারি) কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে স্কটল্যান্ড। ম্যাচটির আগেই আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন দলের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট।

এক সাক্ষাৎকারে ওয়াট বলেন, তারা সম্প্রতি দু’বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। সে কারণে আবারও ক্যারিবীয়দের হারাতে না পারার কোনো কারণ তিনি দেখছেন না।

বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া নিয়ে তিনি জানান, পুরো বিষয়টি খুব দ্রুত ঘটেছে। হঠাৎ করেই হোয়াটসঅ্যাপে অনেক বার্তা আসতে থাকে। তারা কেউই আগে জানতেন না এমন কিছু ঘটবে। গত মাত্র ১০ দিনের মধ্যেই পরিস্থিতি বদলে গেছে। এই সুযোগ পেয়ে স্কটল্যান্ড দল দারুণ উচ্ছ্বসিত বলেও জানান তিনি। ভারতে বিশ্বকাপ খেলা তাদের জন্য বড় অভিজ্ঞতা হতে যাচ্ছে বলে মনে করেন ওয়াট।

ভারতের কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতির কথাও তুলে ধরেন এই বাঁহাতি স্পিনার। তিনি বলেন, অনেকদিন পর তারা ভারতে খেলতে এসেছেন এবং এখানকার উইকেট স্পিন সহায়ক—এটা তারা ভালোভাবেই জানেন। এ কারণে রশিদ খান ও মোহাম্মদ নবির সঙ্গে কথা বলেছেন তিনি। কলকাতার কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়, সে বিষয়ে দুজনের কাছ থেকেই প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন।

তবে বাংলাদেশের প্রতি সহানুভূতির কথাও উল্লেখ করেন ওয়াট। তিনি বলেন, বাংলাদেশের প্রতি তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু একই সঙ্গে তারা বিশ্বাস করেন, স্কটল্যান্ডেরও বিশ্বকাপে থাকার যোগ্যতা ছিল। উপরের সারির দলগুলোর বিপক্ষে জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

স্কটল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেন এই স্পিনার। তার মতে, এখন স্কটল্যান্ডে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হচ্ছে, তরুণ প্রজন্ম ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবছে। পাশাপাশি প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তারা আগেও বেশ কয়েকটি অঘটন ঘটিয়েছে।

উল্লেখ্য, আইসিসির সহযোগী সদস্য হয়েও সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপগুলোতে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে স্কটল্যান্ড। ২০২৪ বিশ্বকাপে তারা ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। ২০২২ সালে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, আর ২০২১ সালে সুপার–১২ পর্বেও জায়গা করে নিয়েছিল স্কটিশরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement