নির্বাচনে ষড়যন্ত্রের মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি দিলেন তারেক রহমান

নির্বাচনে ষড়যন্ত্রের মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি দিলেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে বিএনপি তা মোকাবেলায় দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। তিনি আশ্বাস দেন, নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে নীলফামারী, রংপুর ও দিনাজপুরে তিস্তা ব্যারেজের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।

তিনি আরও ঘোষণা দেন, নারী নেতৃত্ব এবং নারী ক্ষমতায়ন হবে সরকারের অগ্রাধিকার। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। কারণ, নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগোতে পারবে না। তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিএনপি নারীদের স্বাবলম্বী করতে চায় এবং প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়।

তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড প্রত্যেক কৃষককে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা সহজে ঋণ নিতে পারেন। এছাড়া তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণগুলোও সরকারের মাধ্যমে জনগণের পক্ষ থেকে পরিশোধ করা হবে।

এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় তিনি বলেন, দেশের মানুষ জীবন দিয়েছেন, বিগত সরকারের আমলে অত্যাচারিত ও নির্যাতিত হয়েছেন। তাদের এই মূল্যায়ন কখনো বৃথা যাবে না। এবারের নির্বাচন শুধু প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য নয়, বরং এটি হবে দেশের পুনর্গঠনমূলক নির্বাচন।

তিনি আরও বলেন, গত এক দশক ধরে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি, কথা বলার স্বাধীনতা পায়নি। একইভাবে অর্থনৈতিক অধিকার থেকে তারা অনেকটা পিছিয়ে আছে। দেশের যুবক ও তরুণরা সঠিক কর্মসংস্থানের সুযোগ পাননি। মা-বোনদের যথাযথ মূল্যায়ন হয়নি। কৃষকদের প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়নি।

তারেক রহমান বলেন, বিএনপি একটি সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায়। তিনি জোর দিয়ে বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও জানান, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা নিরাপদে চলাচল ও জীবনযাপন করতে পারবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement