ক্ষমতায় গেলে সেনাবাহিনী রাজনীতিমুক্ত রাখবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে সেনাবাহিনী রাজনীতিমুক্ত রাখবে বিএনপি: তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় এলে সেনাবাহিনীকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না—এমন অঙ্গীকার করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর হারানো গৌরব পুনরুদ্ধার ও বাহিনীর মর্যাদা রক্ষা করাই বিএনপির অন্যতম লক্ষ্য। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি সেনাসদস্যদের জন্য ‘ওয়ান রেঙ্ক ওয়ান পেনশন’ চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে গর্বিত করেছেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেনাবাহিনীর সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে—এটা স্বাভাবিক। তবে যেন কোনোভাবেই রাজনীতির চাদরে আচ্ছাদিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ওই দিনটিকে জাতীয় শোক দিবস অথবা সেনা দিবস হিসেবে ঘোষণা করার চিন্তাভাবনা রয়েছে দলের। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বিডিআরের পুরোনো নাম পুনর্বহাল করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদের কবলে পড়ে এক সময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। বিএনপি সব সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শক্তি হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা পালন করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement