আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস
Published : ১৩:৩৮, ৭ মার্চ ২০২৬
আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ফলে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
পরবর্তীতে ১/১১ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব মামলার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিডি/এএন


































